৯ জুলাই ২০১৭
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ক্যাবল অপারেটর শ্রমিক দুলাল মিয়া হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি আল-আমিন মিয়া (৩০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিকাল ৪টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে তাকে হাজির করা হলে তিনি খুনের ঘটনা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
এর আগে শনিবার রাতে কুমিল্লার কতোয়ালী থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। আল-আমিন চুনারুঘাট উপজেলার বড়াউক গ্রামের গ্রামের দুলাল মিয়ার পুত্র।
মাধবপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সাজেদুল ইসলাম পলাশ জানান, ৪ মার্চ রাত ১১টায় উপজেলার ছাতিয়াইন বাজারের নিকট ওই এলাকার হাসান মিয়ার পুত্র দুলালকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে আল-আমিনসহ ৪ জনকে আসামি করে দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আল-আমিনকে কুমিল্লা থেকে আটক করে। তিনি আরো জানান, বাকীদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।