১৬ ডিসেম্বর ২০২১


অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার শপথ নিলেন সিলেটবাসী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের সুবর্ণজয়ন্তী পূর্তিতে সারাদেশের মানুষকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যুর মতো সিলেট স্টেডিয়াম থেকেও হাজারো মানুষ জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ করেন।

বৃহষ্পতিবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ওই শপথ পাঠ করান জাতির পিতার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, দেশ গঠনের শপথ নিতে দুপুর থেকেই সিলেট জেলা ষ্টেডিয়ামে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। সবার লক্ষ একটাই বিজয়ের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর শপথ পাঠে শরিক হয়ে ইতিহাসের অংশ হওয়া। এসময় হাজারো মানুষের কণ্ঠে জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ও বুকে অগাধ দেশপ্রেম। এ যেনো এক অন্যরকম আবেগমাখা মুহুর্ত। এ যেনো এক অন্যরকম ভালোবাসা। যা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবার নয়।

শপথ অনুষ্ঠানে সিলেটের স্কুল কলেজ সহ সরকারি আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এছাড়া সাধারণ মানুষ সবাই নিরবে শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করান।

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ

‌‌‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না— দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো।

মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

শেয়ার করুন