১২ ডিসেম্বর ২০২১
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সড়ক সংস্কারে ব্যবহৃত ট্রাকের চাপায় আকিব মিয়া (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। নিহত আকিব উপজেলার ইছাকপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে ও উপজেলার চলিতাতলা দারুল উলুম মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইছাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইছাকপুর এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই কাজে ব্যবহৃত একটি ইটবোঝাই ট্রাক আকিবকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাহুবল থানার ওসি রাকিবুল ইসলাম খান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘাতক ট্রাক ও চালককে আটক করতে অভিযান চলছে।