১০ ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই অভিবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫৮ জন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে উত্তর আমেরিকার এই দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে ভয়াবহ এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।
চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া জানিয়েছেন, টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে একটি ট্রেইলার গাড়ি উল্টে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।