৫ ডিসেম্বর ২০২১
বিনোদন ডেস্ক : ৪০তম জন্মদিনে বড় ধরনের মানবিক সহায়তার ঘোষণা দিয়ে বলিউড অভিনেত্রী দিয়া মির্জা বলেছেন, এ বছর আমার ৪০তম জন্মদিন থেকে শুরু করে পরবর্তী ৪০ দিনে দৈনিক এক লাখ রুপি অনুদান দেব এবং আশা করি যে আপনারা সবাই আমার সঙ্গে আপনাদের সামর্থ্যমতো অবদান রাখবেন।
এই অভিনেত্রী জানিয়েছেন, করোনাভাইরাস মহামারিতে দায়িত্ব পালনের সময় প্রাণ হারানো বনরক্ষীদের পরিবারের সদস্যদের সুরক্ষায় ৪০ লাখ রুপি অনুদান দেবেন তিনি। এ কার্যক্রমে অন্যদের সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানিয়েছেন বলিউডের আলোচিত এই তারকা।
দিয়া মির্জা বলেন, আমি প্রত্যেককে এ উদ্যোগে শামিল হওয়ার পাশাপাশি এ কাজে অনুদান দেয়ার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে বন সুরক্ষায় নিজেদের জীবন উৎসর্গকারীদের পরিবারের সদস্যদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সাহায্য করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ফিল্মফেয়ার ডটকম জানায়, বনরক্ষীদের পরিবারের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টাকে বেগবান করতে দিয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাহায্য চাইছেন।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের চূড়ান্ত পর্যায়েও বনরক্ষীরা তাদের কাজ চালিয়ে গেছেন। হেঁটে পুরো বন চষে বেড়িয়েছেন তারা।
এ নিয়ে দিয়া মির্জা বলেন, এ বছরের মার্চ ও জুনে দেশের পাঁচ শতাধিক বনরক্ষার নায়কের মৃত্যু হয় করোনাভাইরাসে। তাদের বেশিরভাগের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।
দিয়া আরো বলেন, আমি তাদের সবাইকে অনুরোধ করব, যারা আমার জন্মদিনে আমাকে ফুল বা উপহার পাঠাতে চান- এগুলোর পরিবর্তে আমাদের বনরক্ষকদের সাহায্য করার জন্য ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়াকে দান করুন।