৪ ডিসেম্বর ২০২১


ধানক্ষেতেও ভালো খেলতে হবে : মুমিনুল

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : রাত পোহালেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শের-ই-বাংলায় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই মাঠেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ধোলাই হয়েছিল টাইগাররা। যদিও পিচ ছিল ভয়াবহ রকমের ঘূর্ণি আর স্লো। উপমহাদেশের দলের বিপক্ষে টার্নিং উইকেট বানিয়ে যে লাভ নেই, এটা তাই একরকম প্রমাণিত।

চট্টগ্রামে এগিয়ে থেকেও হারতে হয়েছে টাইগারদের। তৃতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে লিড দিয়েও সেটি শেষ পর্যন্ত বড় করতে পারেনি ব্যাটারদের ব্যর্থতায়। তবে ঢাকার উইকেট নিয়ে তো কিছুই আশা করা যায় না। কখন কেমন আচরণ করে শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট সেটি বোধহয় প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা নিজেও জানেন না।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘উপমহাদেশের সবাই স্পিন ভালো খেলে। তাদের বিপক্ষে স্পিনিং উইকেট না করাটাই ভালো। সব দলই তা-ই করে। আমার কাছে মনে হয়, ফ্ল্যাট উইকেটই ভালো। আমার এটাই পছন্দ।’

মুমিনুল আরো বলেন, ‘মিরপুরের উইকেট আমরা সবাই জানি যে, বলা কঠিন…আমার কাছে মনে হয়, সাদা বলে একরকম উইকেট হয়, লাল বলে আরেকরকম। আমার কাছে মনে হয়, সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে লাল বলে। পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট বা এগুলো নিয়ে অজুহাত দেয়াটা কখনোই কাম্য নয়। আমিও এটার সঙ্গে একমত হই না। পেশাদার ক্রিকেটারদের যদি ধানক্ষেতেও দেন, ওখানেই ভালো খেলতে হবে। আমার কাছে মনে হয়, অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদার হলে আরো ভালো হয়।’

শেয়ার করুন