২ ডিসেম্বর ২০২১
ক্রীড়া ডেস্ক : নেইমারের কান্নাই বলে দিচ্ছিলো লম্বা সময়ের জন্য ছিটকে যাবেন তিনি। অবশেষে অনুমানই সঠিক হলো। গত ২৮ নভেম্বর সাত এতিয়েনের বিপক্ষে ম্যাচে পাওয়া গোড়ালির ইনজুরির কারণে অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন পিএসজি ফরোয়ার্ড। যার ফলে পিএসজির হয়ে আগামী সাতটি লিগ ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব মিস করবেন তিনি।
এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘পরিক্ষায় দেখা গেছে, নেইমারের বা পায়ের গোড়ালি মচকে গেছে। মনে হচ্ছে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। ৭২ ঘন্টার পর্যবেক্ষণের পর জানা যাবে চোট কাটিয়ে উঠতে নিশ্চিতভাবে কতদিন সময় লাগবে তার।’
গোটা ক্যারিয়ার জুড়ে ইনজুরি যেন নেইমারের নিত্যসঙ্গী। পিএসজির হয়ে গত চার মৌসুমে মোট ৭৪ ম্যাচ মিস করেছেন তিনি। নিষেধাজ্ঞার কথা ধরলে সংখ্যাটা দাঁড়ায় ৯১-তে।