১৬ নভেম্বর ২০২১


সিলেটে স্কাউটসের মাধ্যমে ডেটল-হারপিক-এর সুরক্ষাসামগ্রী বিতরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ স্কাউটস-এর মাধ্যমে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের অধীনস্থ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট প্রতিনিধিবৃন্দের মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে ডেটল-হারপিক। সম্প্রতি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড় বছর বন্ধ ছিল। এ সময় অনলাইনে পাঠদান করা হয়। সম্প্রতি কোভিড-১৯-এর সংক্রমণের হার তুলনামূলক কমে আসায় সরকার স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কক্ষে পাঠদান শুরু করেছে। তারই ধারাবাহিকতায়, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগে একযোগে কাজ করছে ডেটল-হারপিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-এর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) এবং বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার মুবিন আহমদ জায়গীরদার; আঞ্চলিক উপ কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মহিউচ্ছুন্নাহ চৌধুরী নার্জিস; আঞ্চলিক সম্পাদক মো: মহিউল ইসলাম মুমিত; আঞ্চলিক উপ-পরিচালক গাজী খালেদ মাহমুদ; ডেটল-হারপিক-এর রিজনাল সেলস ম্যানেজার কাজী নাঈম প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি সিলেট-এর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) এবং বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “মহামারিকালে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ স্কাউটস-এর কাজের প্রাসঙ্গিকতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। স্কাউটস-এর আদর্শ বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী এবং সামগ্রিক অবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম।”

তিনি আরও বলেন, “ডেটল-হারপিক-কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের কাজে তাদের অবদান অনস্বীকার্য।”

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেন, “দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ স্কাউটস সদা সচেষ্ট। তবে এই মুহূর্তে সমাজের কল্যাণের যেই সুযোগ আমরা পেয়েছি তা অন্যান্য সময়ের চেয়ে অনেক ভিন্ন। সামাজিক কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগে রেকিট বাংলাদেশ-কে আমরা সবসময়ই পাশে পেয়েছি এবং ভবিষ্যতেও রেকিটের সহযোগিতায় অসংখ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবো বলে আমি আশাবাদী।”

ডেটল-হারপিক-এর রিজনাল সেলস ম্যানেজার কাজী নাঈম বলেন, “প্রায় দেড় বছরের দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরেছে। তবে করোনার জের এখনও সম্পূর্ণরূপে কাটেনি। তাই চলমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় সিলেটের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছি আমরা। আমাদের সাথে থাকার জন্য বাংলাদেশ স্কাউটস-কে বিশেষ ধন্যবাদ।”

শেয়ার করুন