৪ নভেম্বর ২০২১


দিরাইয়ে মাঠ চষে বেড়াচ্ছেন ৬১ চেয়ারম্যান প্রার্থী

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ৬১ চেয়ারম্যান প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। কেবল চেয়ারম্যান প্রার্থী নয়, মেম্বার প্রার্থীরাও গ্রামে গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় জনসাধারণের পাশাপাশি নেতাদের সাথেও লবিং করে যাচ্ছেন। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচন করা বিদ্রোহী প্রার্থীরাও বসে নেই। নৌকার মাঝি হতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন অনেক বিদ্রোহী। দলীয়ভাবে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করলেও দলটির বেশ কয়েকজন নেতাকর্মী চেয়ারম্যান প্রার্থী হতে মাঠে রয়েছেন।

কেবল পোস্টার কিংবা বিলবোর্ড নয় অনলাইনেও সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে দোয়া চাইছেন। অবশ্য, দিরাই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী জানান, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করবেনা। তাই আমরা প্রার্থীও দেবোনা। এজন্য ইউনিয়ন পরিষদ নিয়ে বিএনপির কোনো প্রস্তুতিও নেই। নির্বাচন নিয়ে এখন আর ভোটারদের মাঝেও আগ্রহ নেই।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া জানান, তফসিল ঘোষণার পরে দলীয়ভাবে সভা করে তৃণমূলের চাহিদা অনুযায়ী গ্রহণযোগ্য আওয়ামীলীগের প্রার্থী দেয়া হবে। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রস্তাবনা কেন্দ্রে পাঠানো হবে।

দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম সিলেটের ডাককে জানিয়েছেন, এখনো দিরাই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। দুয়েকটা ইউনিয়নে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, এবারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দি¦তা করেছেন এমন প্রার্থীও রয়েছেন । তবে, প্রার্থীরা প্রবাসে থেকেও তাদের কর্মী-সমর্থকদের মাধ্যমে সমাজসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৯৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮১ হাজার ৭৩৩ জন ও মহিলা ভোটার সংখ্যা ৮১ হাজার ২৫৩ জন।

উপজেলার ১নং রফিনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রেজুয়ান খান, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, আল-মামুন, জাহেদ মিয়া, সূর্যলাল দাস, শৈলেন্দ্র দাস শৈলেন, বদরুল আলম ও আতাউর রহমান মাঠে রয়েছেন। এ ইউনিয়নের মোট ভোটার ১৮ হাজার ২০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২৯১ জন ও ৮ হাজার ৯১৭ জন হচ্ছেন মহিলা ভোটার।

২ নং ভাটিপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহজাহান কাজী, রুহুল আমিন তালুকদার, বদরুল ইসলাম চৌধুরী মিফতা, মাহবুব চৌধুরী, মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, বিজিত দাস, নবাব তালুকদার, সৈয়দুর রহমান তালুকদার, আলমগীর বখত চৌধুরী, কাজী মাওলানা শিব্বির আহমেদ ও মাওলানা এনামুল হক মাঠে আছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ২৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬৮৯ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৫৭৯ জন। ৩ নং রাজানগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৌম্য চৌধুরী, জহিরুল ইসলাম জুয়েল, এডভোকেট আবু ছালিম, শফিকুল হক, আমিন উদ্দিন, আনোয়ার হোসেন, নওশেরান চৌধুরী ও রানা মিয়া মাঠ চষে বেড়াচ্ছেন। এই ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৩৮৩ জন। পুরুষ ভোটার হলেন ৯ হাজার ১৫৯ জন ও মহিলা ভোটার ৯ হাজার ২২৪ জন। ৪ নং চরনারচর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রতন কুমার দাস, সাবেক চেয়ারম্যান জগদীশ সামন্ত, জয় কুমার বৈষ্ণব, পরিতোষ রায়, সাবেক চেয়ারম্যান রতি রঞ্জন দাস ও শামসুল আলম মাঠে কাজ করছেন। এ ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৭৪ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৯৫৯ জন।

৫ নং দিরাই সরমঙ্গল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী, তপন কান্তি তালুকদার, রনজিত দাস, কানু দাস ও মোয়াজ্জেম হোসেন জুয়েল মাঠে রয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৭০৯ জন। পুরুষ ভোটার হলেন ৫ হাজার ৭৮০ জন ও মহিলা ভোটার হলেন ৫ হাজার ৯২৯ জন।

৬ নং করিমপুর ইউনিয়নে এডভোকেট সোহেল আহমদ, আব্দুর রশীদ, শাহ আলম সরদার, শাহ জাহান সরদার, লিটন রায়, সিজিল মিয়া ও জুবের সরদার দিগন্ত মাঠে কাজ করে যাচ্ছেন। এই ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৭১ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৫৫৫ জন। ৭ নং জগদল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, হুমাযুন রশীদ লাভলু ও কামরুল ইসলাম মাঠে আছেন। এই ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৩৩৫ জন। পুরুষ ভোটার ১১ হাজার ১৬৫ জন ও মহিলা ভোটার ১১ হাজার ১৭০ জন। ৮ নং তাড়ল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, আহমদ চৌধুরী, নুরুল হক, আকিকুর রেজা পুলিশ, লাল মিয়া ও আলী আহমদ মাঠ চষে বেড়াচ্ছেন। এ ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬৭০ জন ও ৭ হাজার ৮৯৯ জন হলেন মহিলা ভোটার। ৯ নং কুলঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, একরার হোসেন, মিলন মিয়া, চান মিয়া চৌধুরী, জাবেদ সামস চৌধুরী রাফি, ফজলে রাব্বি, পবিত্র মোহন দাস, মিসবাহ চৌধুরী ও আবু ছালেহ কাজ করে যাচ্ছেন। এই ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৪ জন ও মহিলা ভোটার হলেন ১১ হাজার ২১ জন।

শেয়ার করুন