১ নভেম্বর ২০২১


আত্মহত্যাই করেছেন সালমান শাহ!

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জমা দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদেশ দিয়েছে আদালত৷ সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার আইনজীবী ফারুক আহাম্মদ এর করা নারাজি আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ।

রোববার তিনি এই আদেশ দেন।

নারাজি আবেদনে মামলার বাদী নীলা চৌধুরীর জবানবন্দি ভার্চুয়ালি রেকর্ডের অনুমতি চাওয়া হয়। এক আসামির ভিডিও রেকর্ডের কপি চেয়ে আরেকটি আবেদন করা হয়।

আদালত সবকটি আবেদন খারিজ করে আদেশ দিয়েছে বলে জানান লন্ডনে থাকা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহাম্মদ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া বাদীর ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

গত বছর ২৫ ফেব্রুয়ারি পি‌বিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা পড়ে। ওইদিন সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ডেসপাস শাখায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ রহস্যজনকভাবে মারা যান। সেসময় এই বিষয়ে অপমৃত্যুর মামলা করেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। একাধিক সংস্থা এটি আত্মহত্যা হিসেবে প্রতিবেদন দিলেও সালমান শাহর বাবার মৃত্যুর পর মা তাতে নারাজি দিয়েছেন।

শেয়ার করুন