৩০ অক্টোবর ২০২১


সু চির সহযোগীর ২০ বছরের কারাদণ্ড

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী উইন হেইনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে উইন হেইনের আইনজীবী মিন্ট থুইন বলেন, রাজধানী নাইপিদোতে একটি বিশেষ আদালত রাষ্ট্রদ্রোহের দায়ে সাবেক সংসদ সদস্য এবং সুচির এনএলডি দলের স্পিকার উইন হেইনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

উইন হেইনের মেয়ে, চিট সু উইন টেন এই রায়ের নিন্দা জানিয়ে বলেন, এটি অপ্রত্যাশিত ছিল না। ৮০ বছর বয়সী এ নেতাকে ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয়।

এর আগে মিয়ানমারের সাবেক বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি আদালতে দেয়া প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মিয়ানমারের জান্তা সরকার তার বিরুদ্ধে জনসাধারণের মনে উদ্বেগ সৃষ্টির জন্য উসকানি দেয়ার অভিযোগ আনে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পরবর্তী সময়ে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন