৩০ অক্টোবর ২০২১
বিনোদন ডেস্ক : মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনদার হয়েছেন অভিনেত্রী জুহি চাওলা।
আরিয়ানের জামিনের শর্তে বম্বে উচ্চ আদালত উল্লেখ করেছেন, ১ লাখ রুপি জামিন বন্ডের পাশাপাশি কোনো ব্যক্তিকে অভিযুক্তের দায়িত্ব নিতে হবে। আর শাহরুখপুত্রের দায়িত্ব নিতে রাজি হয়েছেন জুহি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডের সঙ্গে এনডিপিএস আদালতে হাজির হন জুহি। বম্বে উচ্চ আদালতের পক্ষে সিউরিটি সার্টিফিকেট এসে পৌঁছায় নিম্ন আদালতে। সাক্ষী হিসেবে কাঠগড়ায় ওঠেন জুহি। বিচারক তাকে নাম-পরিচয় জিজ্ঞাসা করেন।
আরিয়ানের জামিনদার হওয়ার ব্যাপারে জুহি বলেন, ছোটবেলা থেকে আরিয়ানকে আমি চিনি, তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও রয়েছে।’ পাশাপাশি আরিয়ানের হয়ে এক লাখ রুপির জামিনের বন্ডে সই করেন জুহি। পরবর্তী সময়ে বাকি আইনি প্রক্রিয়াও শেষ করেন। এরপর আরিয়ানের জামিনের সিউরিটি হিসাবে জুহির আবেদন গ্রহণ করেন আদালত।