২৭ অক্টোবর ২০২১
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া নতুন এই কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে উল্লেখ করেছেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পাগলা বাজার বাস স্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের সদ্যসাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েল-ইমরান পরিষদের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ করেন।
এর আগে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছদরুল ইসলামকে সভাপতি ও নাইম আহমদকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কমিটিতে সিনিয়র নেতৃবৃন্দকে অবমূল্যায়নসহ নানারকমের অভিযোগ এনে তীব্র ক্ষোভ জানিয়েছেন একাধিক পদবঞ্চিত ও সাবেক ছাত্রলীগ নেতা।
বিক্ষোভ চলাকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা জাবির আহমেদ, রুহুল আমিন, আহমেদ সোহান, কামাল আহমেদ, সাদিকুল ইসলাম টাপু, অনিশা, মিজান রানা, ইমন আহমেদ,আব্দুল হক প্রমুখ।