১২ অক্টোবর ২০২১
মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টারঃ নিখোঁজের একদিন পরে ১৬ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) ডিবি পুলিশ কর্তৃক সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস থেকে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া কিশোর চুয়াডাঙ্গার দর্শনার কেরু এন্ড কোম্পানি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র আসাদুল ইসলাম (১৬)। হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ১৬ বছরের দশম শ্রেণি পড়ুয়া কিশোর মায়ের ওপর অভিমান করে নিজ বাড়ি থেকে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশে। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
এ সম্পর্কে জানতে চাইলে শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন বলেন, চুয়াডাঙ্গা ডিবি পুলিশ (ওসি) কর্তৃক মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয় যে, দশম শ্রেণি পড়ুয়া নিখোঁজ ১৬ বছর বয়সী একটি ছেলে মিতালি পরিবহন নামক বাস দিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছে।
এতে সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককের উপরে বেশ কয়েকটি মিতালি পরিবহনের বাসে তল্লাশি চালায়। একপর্যায়ে মিতালি পরিবহনের বাস (ঢাকা মেট্টো বঃ ১৪-৬৮০৯) বাসটিতে নিখোঁজ ছেলেটিকে পাওয়া গেলে তাকে উদ্ধার পূর্বক থানা হেফাজতে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে ছেলেটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।