১১ অক্টোবর ২০২১
নিজস্ব প্রতিবেদক : নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় চারতলা বাসার ‘ছাদ থেকে পড়ে’ আব্দুল আউয়াল (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার গোলকপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। নগরীর জিন্দাবাজারে আল হামলা শপিং সিটির আলিফ কালেকশন নামের একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন আব্দুল আউয়াল।
সোমবার সকালে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় তার বাসার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আউয়ালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে তার পরিবার, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বড়বাজার এলাকায় ৬নং বাসায় বসবাস করছিলেন আব্দুল আউয়াল। তার বড় ছেলের বউ প্রেগন্যান্ট। কাল রাতে তার ডেলিভারির জন্য বাসার সবাই রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। বাসায় শুধু ১৭ বছর বয়সী ছোট ছেলে ছিল। আজ ভোররাতে আব্দুল আউয়াল বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি লাফ দিয়ে নিচে পড়ে মারা গেছেন। তবে আসল কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া অবধি অপেক্ষা করতে হবে।
স্থানীয় কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, দুই ছেলে ও এক মেয়ের জনক আব্দুল আউয়াল। এমপিওভুক্ত একটি হাইস্কুলে শিক্ষকতা করতেন তিনি। বেশ কয়েক বছর আগে চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমান। কিন্তু সুবিধা করতে পারেননি সেখানে। ‘বছরখানেক আগে ব্যবসা শুরু করেন আব্দুল আউয়াল। এরপর পরিবার নিয়ে আলাদা বাসায় ওঠেন। কিন্তু মহামারির কারণে সবকিছু এলোমেলো হয়ে পড়ে। তার পরিবারের সদস্যরা বলেছেন, সাম্প্রতিক সময়ে জীবন সম্পর্কে উদাসীন ছিলেন আব্দুল আউয়াল। কারো সাথে তার শত্রুতা ছিল না। এই মৃত্যু নিয়ে তার পরিবারের সদস্যদের অভিযোগ নেই।