৮ অক্টোবর ২০২১


ইউপি নির্বাচন নিয়ে সরব আ.লীগ, নীরব বিএনপি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দুয়ারে কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।এ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগ মাঠে সরব থাকলেও তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিএনপিতে। প্রার্থী বাছাইয়ে বিএনপির কোনো তোড়জোড় নেই। নির্বাচনী কর্মে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ নেতা ও দলটির সম্ভাব্য প্রার্থীরা ।

ঘোষিত তফসিল অনুযায়ী- ১১ নভেম্বর সিলেট জেলার সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মােগলগাঁও, কান্দিগাঁও ইউপি ও কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই ইউপি ও বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানাবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ, পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। এ নির্বাচনকে ঘিরে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিপরীত চিত্র ফুটে উঠেছে। এতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও হতাশায় ভুগছেন বিএনপি নেতাকর্মীরা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট উপজেলায় ৪ ইউনিয়ন, কোম্পানীগঞ্জের ৫ এবং বালাগঞ্জের ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে সিলেট জেলা আওয়ামী লীগ দফায় দফায় বৈঠক করে তৃণমূলের ভোটে প্রার্থীর তালিকা চূড়ান্ত করে সম্ভাব্য প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাইয়ে কাজ করছে আওয়ামী লীগ। তৃণমূলের মতামত নিয়ে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরী করে কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন কেন্দ্রই প্রার্থী চূড়ান্ত করবে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোটেক নাসির উদ্দিন খান বলেন, তিনটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে তৃণমূলের মতামত নিয়ে আমরা প্রার্থীদের নামের তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠিয়েছি। বালাগঞ্জের ৬টি ইউনিয়নে ৬জন, সিলেট সদরের ৪ ইউনিয়নে ৪জন ও কোম্পানীঞ্জের ৫টি ইউনিয়নের ৫জন মোট ১৫জন প্রার্থীর নামের তালিকায় দুদিন আগে ঢাকায় পাঠানো হয়েছে। প্রার্থী বাছায় কেন্দ্র থেকে করা হবে। এদিকে ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মাঠে সরব থাকলেও নীরব বিএনপি। নির্বাচনের কোন তোড়জোড় নেই। কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণের কোন সিদ্ধান্ত না থাকায় নীবর ভূমিকা পালন করছে জেলা বিএনপি।তবে, বসে নেই দলটির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান চৌধুরী বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না।তাই প্রার্থী বাছাইয়ে আমরা কোন কাজ করছি না। যদি দলের কেউ নির্বাচনে অংশগ্রহণ করে বা দলের নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে প্রচারণায় নামেন তাহলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছেনা তাই দলীয় প্রতীকে কেউ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এতে যদি কেউ স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেন সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে দল থেকে কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশনা নেই।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের চারটি জেলার ৪৫ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্টিত হবে আগামী ১১ নভেম্বর। সিলেট জেলার ১৫টি ইউপি ছাড়াও অন্য তিন জেলার ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, খুরমা উত্তর, ইসলামপুর, জাউয়াবাজার ও দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, মোগলাবাজার, নরসিংপুর, মান্নারগাঁও, মৌলভীবাজার জেলার জুড়ীউপজেলার জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, গোয়ালবাড়ি, সাগরনাল এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা ইউনয়ন পরিষদ। ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর।

শেয়ার করুন