৩০ সেপ্টেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : আলোচিত সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশেরে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার অভিযুক্ত কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবুল মোমেন রায়হান হত্যা মামলায় এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ গ্রহণ করেন। সেই সাথে পলাতক আসামি কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রায়হান হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগপত্র গ্রহনকালে প্রধান অভিযুক্ত বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ সকল আসামিদের আদালতে হাজির করা হয়।
জানা যায়, এ ঘটনায় অভিযুক্ত ৬জনের মধ্যে ৫ পুলিশ সদস্য কারাগারে থাকলেও পলাতক রয়েছে কথিত সাংবাদিক নোমান। মামলায় অভিযুক্তরা হলেন, প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন এসআই আকবর হোসেন ভুঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ।
ঘটনা অভিযুক্ত আব্দুল্লাহ আল নোমানের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে। তার বিরুদ্ধে ঘটনার পর ভিডিও ফুটেজ গায়েব করার অভিযোগ রয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, হত্যাকাণ্ডে সাথে সরাসরি অংশগ্রহণ করেছিল বন্দরবাজার ফাঁড়ির বহিষ্কৃত এসআই মো.আকবর হোসেন ভূঁইয়া, কনস্টেবল হারুন অর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও এএসআই আশেক এলাহী।
আলামত গোপনের অভিযোগে আসামি এসআই মো. হাসান উদ্দিন ও স্থানীয় সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে পেনাল কোড ২০১ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।