২৯ সেপ্টেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় সিলেটেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে আবারো শুরু হয়েছে গণটিকাদান ক্যাম্পেইন। গণটিকাদান ক্যাম্পেইনে গতকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। টিকা নিতে কয়েক ঘণ্টা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। তবে বেশিরভাগ কেন্দ্রেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার দৃশ্য দেখা যায়নি। পূর্ব ঘোষিত টিকাদান কর্মসূচি অংশ হিসাবে বুধবার সকাল ৯টা থেকে সিলেট নগরীর ২৭ ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে শুরু হয় টিকাদান কার্যক্রম।এছাড়াও জেলা পর্যায়ে চলছে গণটিকা।
বুধবার সকালে সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের সুন্দর বন কমিউনিটি সেন্টার টিকাকেন্দ্র কদমতলীতে দেখা যায়, মানুষ টিকা নিতে ভোট দেওয়ার মতো লাইনে দাঁড়িয়েছেন। তবে নারী-পুরুষের লাইন ছিল আলাদা। রোদ ও প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায়।
টিকা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে অনেক বড় এরিয়া। জনসংখ্যা বেশি। যে কারণে টিকা নিতে ভোর থেকেই সিরিয়াল দিতে হয়। তা না হলে পড়তে হয় লম্বা লাইনে।
এবিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা নিতে হবে।সিসিক’র সকল কাউন্সিলর, স্বেচ্ছাসেবিসহ স্বাস্থ্যকর্মীদের আমরা স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছি।
সিলেটের সহকারী সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, জেলা পর্যায়ে টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭০ হাজার। দুই দিনব্যপী এ কার্যক্রমে শুধু নিবন্ধিতরাই টিকা গ্রহণ করতে পারবেন।