২৯ সেপ্টেম্বর ২০২১


ছয় মাস পর মায়ের কোলে ঝুমন দাস

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ছয় মাস কারাবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন ঝুমন দাস।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন ঝুমন দাস আপন। এসময় কারাফটকে দাঁড়িয়ে ছিলেন ঝুমন দাসের মা নিভা রানী দাস। কারাফটক থেকে বেরিয়েই মাকে প্রনাম ও আলিঙ্গন করেন ঝুমন।

ঝুমনের বেরিয়ে আসার ব্যাপারে তার মা নীভা রানী দাস বলেন, ‘ভগবানের দোয়া ছেলেরে বুকের মাঝে ফিরত ফাইছি, হে আর কোনো সময় এমন কাজ করতো না আমরা তারে দেখিয়া রাখমু। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারাও আমার ছেলেকে ছাড়াতে অনেক কষ্ট করেছেন।’

এর আগে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গত ১৬ মার্চ গ্রেফতার হন সুনামগঞ্জের শাল্লার যুবক ঝুমন দাস। পর দিন ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর দিন সকালে ঝুমনের গ্রাম নোয়াগাঁওয়ে হামলা চালায় হাজারও সশস্ত্র লোক। তারা ভাঙচুর করে ওই গ্রামের প্রায় ৯০টি হিন্দু বাড়ি। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলাগুলোতে গ্রেফতার হওয়া সবাই আগে জামিন পেলেও আজ জামিন পান ঝুমন দাস।

ঝুমনের আইনজীবী দেবাংশু শেখর দাস বলেন, জামিনের কাগজপত্র সব ঠিকঠাক করে কারাগারে পাঠানোর পর সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়, সে আগামি এক বছর জামিনে থাকবে।

শেয়ার করুন