৭ সেপ্টেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : রাতে বৃষ্টি হলেও দিনে তপ্ত রোদের গরমে পুড়ছে সিলেট। টানা দু’দিনের আজও দাবদাহে অসহনীয় হয়ে উঠেছে সিলেটের জনজীবন। দিন দিন তাপমাত্রা বৃদ্ধিতে সবুজ সমারোহের বৃত্তে থাকা সিলেটে গরমের তীব্রতায় জনজীবনে নেমেছে স্থবিরতা। বৈদ্যুতিক পাখার বাতাসেও ঘরে থাকা দায় হয়ে পড়েছে। বাইরে বেরুলে বাতাসের বালাই নেই। মাঝে মাঝে মৃদু বাতাস আসলেও গরমের তীব্রতায় এ যেন কিছু নয়। এমন অবস্থায় গরমে প্রাণ ওষ্ঠাগত। তারপরও শ্রমজীবী মানুষকে জীবিকার তাগিদে বাইরে বেরোতে হয়েছে। খানিকটা প্রশান্তির খোঁজে গরম থেকে রেহাই পেতে গাছের ছায়া ছিল শ্রমজীবীদের আশ্রয়। কিন্তু শহরের ছায়াবৃক্ষগুলোও উন্নয়নের বলি হয়েছে সেই কবে।
সোমবার সন্ধ্যায় হঠাৎ সিলেটের আকাশ কালো করে তুমুল বাতাস দিলে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে। রাতে কিছুটা বৃষ্টিও হয়, তারপরও গরমের তীব্রতা কমেনি একটুও।
আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সিলেটে। আজ মঙ্গলবার সিলেটের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেলেও গরমের তীব্রতা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নাই। তবে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
সিলেট আবহাওয়া অফিস জানায়, সোমবার সিলেটের তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। আগস্ট ও সেপ্টেম্বরের প্রথম দিকে কম তাপমাত্রায়ও গরম বেশি অনুভূত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, আগামী কয়েকদিন মাঝে-মধ্যে বৃষ্টির দেখা মিললেও গরম থাকবে। বলা যায়, গরম ও বৃষ্টি পাশাপাশি অবস্থান করবে। আগস্ট ও সেপ্টেম্বরের প্রথম দিকে কম তাপমাত্রায়ও গরম খুব বেশি অনুভূত হবে- এটাই এই সময়ের আবহাওয়াবার্তা। তবে ২/৩ দিন পর দিনেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর বৃষ্টিপাত হলে তাপমাত্রাও হ্রাস পাবে।