৪ সেপ্টেম্বর ২০২১


হাউজিংএস্টেটে বাইক-কার সংঘর্ষে যুবক নিহত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর হাউজিং এস্টেট এলাকায় কার ও মোটরবাইকের সংঘর্ষে একজন নিহত ও অপরজন মারাত্নকভাবে আহত হয়েছেন। হাউজিং এস্টেট পাঁচ নং লেনে ঢোকার রাস্তার ঠিক মুখে এই দুর্ঘটনা ঘটে। এতে বাইক আরোহী দুজনেই মারাত্নকভাবে আহত হন। আহত অবস্থায় দুজনকে দুর্ঘটনার কিছুক্ষন পরেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদের মধ্যে সাব্বির আহমেদ (২৩) নামের এক তরুণ হাসপাতালে নেওয়ার পর মারা যান৷ তিনি সৈয়দপুর গোয়ালগাও নিবাসী মৃত আশিক মিয়ার ছেলে। মোটর সাইকেল আরোহী আহত অন্যজন হলেন সুনামগঞ্জ জগন্নাথপুর ভবানীপাড়া ইউনিয়নের মৃত সৈয়দ আরজু মিয়ার ছেলে আলী হোসেন রাজু (৩০) ( বর্তমানে মিরাবাজার খাড়পাড়ার বাসিন্দা)। দুর্ঘটনাকবলিত কারটির চালক হাউজিং এস্টেট পাঁচ নং লেনের ২৯ নং বাসার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী (৪৭)। মুখোমুখি দুর্ঘটনায় তিনি হাতে ব্যাথা পান। তাকে প্রাথমিক শুশ্রূষা দেওয়া হয়। তার বড় কোন আঘাত নেই।

দুর্ঘটনার পরে আম্বরখানা পুলিশ ফাড়ির ইনচার্জ মফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া তথ্যমতে রাত বারোটার দিকে হাউজিং এস্টেট ভেতরের গলি দিয়ে পাঁচ নং লেন হয়ে দ্রুত বেগে দুই তরূন বাইক চালিয়ে আসছিলেন।

এ সময় হাউজিং এস্টেট মুল গলি থেকে নিজের কার (যার নং ঢাকা মেট্রো ১৪৫৬৮৮) পাঁচ নং গলিতে ঢুকছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী। গলির সম্মিলনস্থলে এসে মোটরবাইক কারের সামনে এসে প্রচন্ড গতিতে ধাক্কা খায়। এরপরে বাইক আরোহী দুজনেই ছিটকে পরেন। দ্রুতগতির আঘাতের ফলে বাইকের সামনের অংশ ছিন্নবিছিন্ন হয়ে পরে। কারএর সামনের অংশও অনেকটা ধুমড়ে মুচরে যায়।

পাঁচ নং লেনের ঠিক পাশের একটি বিল্ডিংয়ের তিনতলা থেকে দুর্ঘটনা দৃশ্য দেখতে পেয়ে নিচে নেমে আসেন ওই এলাকার বাসিন্দা এপিপি জসিম উদ্দিন আহমদ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার পর সাব্বির মারা যান। দুর্ঘটনায় পরে কারের সামনের দিকের বাম্পারের সাথে বাইকের সামনের একসাথে সংযুক্ত হয়ে ব্লক হয়ে ছিলো। এ কারনে বাইক বের করতেও একটু সময় লাগে।

শেয়ার করুন