২ সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্জন ‘জিরো’ এমন মন্তব্য করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াশিংটন কিছুই অর্জন করতে পারেনি। তাঁর মতে, আফগানিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছরের অভিযান ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। পুতিন আরো বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। খবর আল জাজিরার।
ভ্লাদিভোস্তক শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।
তিনি বলেন, আমেরিকান সেনারা সেখানে (আফগানিস্তানে) ২০ বছর অবস্থান করেছে। ২০ বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও তারা কিছু অর্জন করতে পারেনি। পুতিন মনে করেন, বাইরে থেকে কোনো কিছু আরোপ করা আসলেই সম্ভব নয়।
এর আগে গত সপ্তাহে পুতিন এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না মস্কো। কারণ তারা আফগান-সোভিয়েত যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে। আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে পরাজিত হয় মস্কো এবং ১৯৮৯ সালে সোভিয়েত সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়।
তবে রাশিয়া আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। আফগান সরকারের সম্পদ জব্দ না করার জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে আহ্বানও জানান পুতিন।