২৫ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর বিষয়ে পশ্চিমা দেশগুলোর দাবি মেনে নেবে না বলে আবারো জোর দিয়ে জানিয়েছে তালেবান।
মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুহাজিদ এই কথা বলেছেন।
তিনি বলেন, তারা বিদেশিদের আফগানিস্তানে থাকার সময়সীমা বাড়ানো মেনে নেবে না। একই সময় দক্ষ আফগানদের দেশ থেকে নেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। খবর আল জাজিরার।
ইউরোপীয় দেশগুলো বলছে, তারা ৩১ আগস্টের মধ্যে ঝুঁকিতে থাকা আফগানদের দেশটি থেকে উড়িয়ে আনতে পারবে না। এমতাবস্থায় উদ্ধার অভিযানের সময়সীমা আরো বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আফগান সরকারের নারী কর্মীদের ঘরে থাকাই উচিত হবে।
গত কয়েকদিন ধরেই বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর কথা শোনা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন, সব মার্কিনিকে উদ্ধার না করা পর্যন্ত আফগানিস্তানে থাকবে মার্কিন বাহিনী। তবে বাইডেনের এমন বক্তব্যের পর থেকেই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তালেবান। তারা কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে। সময় মতো আফগানিস্তান না ছাড়লে কঠোর পরিণতির ব্যাপারেও সতর্ক করে দিয়েছে তারা।
তালেবানদের এমন হুঁশিয়ারির পর থেকে মার্কিন বাহিনীও কাবুল থেকে মানুষজনকে উদ্ধারের অভিযান তীব্র করেছে। প্রতিদিনই হাজার হাজার মানুষকে উদ্ধার করছে তারা। এদিকে সেনা প্রত্যাহারের জন্য সময় বাড়াতে বাইডেনের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে তার পশ্চিমা মিত্ররা। মঙ্গলবার জার্মানি জানায়, ৩১ আগস্টের মধ্যে সুরক্ষার প্রয়োজেন থাকা সব আফগানকে উড়িয়ে আনা সম্ভব নয় পশ্চিমা মিত্রদের পক্ষে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বিল্ড টিভিকে বলেছেন, যদি উদ্ধার অভিযান ৩১ আগস্ট বা তারও কিছুদিন পর পর্যন্ত চলে, তারপরও আমরা বা যুক্তরাষ্ট্র যাদের উদ্ধার করতে চায়, তাদের উদ্ধার করা সম্ভব হবে না।
এর আগে ফ্রান্স জানায়, যুক্তরাষ্ট্র যদি ডেডলাইন বাড়াতে না চায় তাহলে বৃহস্পতিবার থেকে তারা আর উদ্ধার অভিযান চালাবে না। স্পেন জানিয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের মিশন সংশ্লিষ্ট সব আফগানকে উদ্ধার করতে পারবে না। অন্যদিকে যুক্তরাজ্য বলছে, মঙ্গলবার জি সেভেনের সম্মেলনে সময় বাড়ানোর ব্যাপারে তারা লবি করবে।