২২ আগস্ট ২০২১


তালেবান নিয়ে বলিউড অভিনেত্রীর টুইটে তোলপাড়

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর দলটির ১৯৯৬ সালের কট্টোরপন্থী শাসনামলের প্রসঙ্গ টেনে সমালোচনায় মেতেছেন অনেকে। এই সমালোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের শোবিজ তারকাদের অনেকেই। তবে তালেবান বিষয়ে ভিন্নরকম একটি টুইট করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

তালেবান ইস্যুর সঙ্গে হিন্দুত্ববাদের প্রসঙ্গ টেনে করা তার সেই টুইটে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ। তারা স্বরার গ্রেফতারের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে দেশটির লালবাজার নামক এলাকার বাসিন্দা রাজা চৌধুরী স্বরার নামে কলকাতা পুলিশের সাইবার সেলে এফআইআর করেছেন। সব মিলিয়ে স্বরার সেই টুইট নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে।

কি লিখেছিলেন বলিউড অভিনেত্রী স্বরা?নিজের টুইটারে স্বরা লিখেছিলেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। তবে তালেবানি সন্ত্রাস দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালেবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি।আমাদের মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়। ব্যস, এতেই তোলপাড় শুরু হয়েছে ভারতের সোশ্যাল মিডিয়ায়।

শেয়ার করুন