১৬ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : তালেবানরা শিগগিরই তাদের দেশকে ২০ বছর আগের মতো ‘ইসলামিক আমিরাত অব আফিগানিস্তান’ ঘোষণা করবে।
রোববার তালেবানের একজন শীর্ষ নেতার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এদিন তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র মোহাম্মদ নাঈম আল জাজিরাকে বলেন, আজ আফগান জনগণ ও মুজাহিদিনদের জন্য একটা মহান দিন। তারা ২০ বছর ধরে তাদের ত্যাগের ও চেষ্টার ফল দেখতে পাচ্ছে।
তিনি বলেন, আফগানিস্তানে নতুন সরকার গঠনের বিষয়টি শিগগিরই পরিষ্কার করা হবে। তালেবান বিচ্ছিন্নতার মধ্যে থাকতে চায় না, শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক চায়।
নাঈম বলেন, আমরা যা চেয়েছিলাম সেখানে পৌঁছেছি, এটি হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা ও জনগণের স্বনির্ভরতা। অন্য কারো ওপর হামলা চালাতে কাউকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না এবং আমরা অন্যের ক্ষতি করতে চাই না।
এদিকে তালেবান মুখপাত্র ইয়ালদা হাকিম বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।আফগানিস্তানের মানুষের ওপর কোনো ধরনের প্রতিশোধ নেয়া হবে না।
তিনি বলেন, আমরা আফগানিস্তানের জনগণ, বিশেষ করে কাবুলের বাসিন্দাদের আবারো আশ্বস্ত করতে চাই যে, তাদের জানমাল নিরাপদে আছে। কারো ওপর কোনো প্রতিশোধ নেয়া হবে না।
এদিকে রাজধানী দখলের পর আফগানিস্তানে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির রাজধানী কাবুলে প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ত্যাগের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি হয়েছে।
প্রসঙ্গত ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে আল কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।