৮ আগস্ট ২০২১


নতুন শিল্পীদের সাবধান করলেন অঞ্জনা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা পরীমনি ও একার সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত গোটা শিল্পী সমাজ। শনিবার দুজনেরই সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। কারণ, তাদের বিরুদ্ধে মাদকের মামলা তদন্তাধীন। আদালতের রায়ে এই দুই নায়িকার শাস্তি হলে শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে ছেটে ফেলা হতে পারে তাদের। এই যখন পরিস্থিতি, তখন ইন্ডাস্ট্রিতে আসা নতুন শিল্পীদের আগে থেকেই সাবধান করে দিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান।

তিনি বলেন, ‘একটি শিল্পী তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু ধ্বংস হতে সময় লাগে না। যার বাস্তব উদাহরণ পরীমনি ও একা। তাই ইন্ডাস্ট্রিতে যারা নতুন এসেছো, তারা এখনই সাবধান হয়ে যাও। প্রশাসন কিন্তু কাউকে ছাড়বে না।’

এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অঞ্জনা। পরীমনিকে উদ্দেশ্য করে সত্তর ও আশির দশকের এই নায়িকা বলেন, ‘সে ঘরের মধ্যে কী করলো সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে, তখনই শিল্পী সমিতির দেখার বিষয়। সমিতি সেটা সহ্য করবে না।’

শনিবার দুপুরে শিল্পী সমিতির মিটিংয়ে চিত্রনায়িকা পরীমনি ও একার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকালে সংবাদ সম্মেলন করে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সমিতির সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগর। সেখানে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি রুবেল এবং ডিপজলসহ কয়েকজন কাযকরী সদস্যও উপস্থিত ছিলেন।

সম্প্রতি গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে রামপুরার বন্ধুনিবাস বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় সেখান থেকে অর্ধেক বোতল মদ, পাঁচ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনে দুটি মামলা হয়। সেই মামলায় বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

অন্যদিকে, গত বুধবার চিত্রনায়িকা পরীমনিকে তার বনানীর বাসা থেকে আদক করে র্যা ব। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। এরপর র্যা ব বাদী হয়ে নায়িকার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করে। সেটির তদন্তের অংশ হিসেবে পরীমনি বর্তমানে চার দিনের রিমাণ্ডে রয়েছেন।

শেয়ার করুন