৬ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান সরকারের শীর্ষ মিডিয়া ও তথ্য কর্মকর্তা দাওয়া খান মিনাপালকে শুক্রবার রাজধানী কাবুলে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। তালেবান এই হত্যার দায় স্বীকার করেছে। আফগানিস্তান সরকারের পক্ষ থেকেও ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এর আগে তালেবান হুমকি দিয়েছিল যে, তারা আফগান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করতে পারে। এই ঘোষণার একদিন পরই এমন ঘটনা ঘটল। ক্রমবর্ধমান বিমান হামলার প্রতিবাদে তালেবান ওই হুমকি দিয়েছিল।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই বলেছেন, ‘দুর্ভাগ্যবশত বর্বর সন্ত্রাসীরা আবার কাপুরুষোচিত কাজ করেছে। তারা একজন দেশপ্রেমিক আফগানকে শহীদ করেছে।’
মিনাপাল আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র হিসেবেও কাজ করেছেন।