১৮ জুলাই ২০২১


সীমিত আকারে চলবে চাতলাপুর শুল্ক স্টেশনের কার্যক্রম

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে সীমিত আকারে চলবে কার্যক্রম। তবে ঈদের দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি। শুধু জরুরি পণ্য খালাস করা হবে।

রোববার দুপুরে চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে মুসলিম স্টাফদের ছুটি দেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বী স্টাফদের এখানে রাখা হয়েছে। শুধু ঈদুল আজহার দিন বুধবার ভারত থেকে এই স্থল শুল্ক স্টেশনে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সামগ্রিক কার্যক্রম বন্ধ থাকবে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সীমিত পরিসরে কার্যক্রম চলবে। শুধু জরুরি পণ্যগুলো খালাস করা হবে। ঈদের দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

শেয়ার করুন