১৭ জুলাই ২০২১
নিজস্ব প্রতিবেদক : কুরবানির ঈদের বাকি আর মাত্র কদিন। এরই দিনে ঈদের কেনাকাটা করতে সিলেট নগরীর বিভিন্ন শপিংমল-মার্কেটে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বিশেষ করে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়াতে শপিংমলগুলোতে ক্রেতার উপস্থিতি লক্ষণীয়।
শনিবার সিলেটে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ক্রেতারা ভিড় করছেন শপিংমলগুলোতে। ক্রেতারা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে করছেন কেনাকাটা। ঈদের জন্য সরকার ঘোষিত বিধিনিষেধ শিথিল হওয়ায় জনসমাগম ও গাড়ি চলাচল নিয়ন্ত্রণে নেই কোন আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তদারকি।
নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকার বেশ কয়েকটি শপিংমল-মার্কেট ঘুরে দেখা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে কেনাকাটায় ঝাঁপিয়ে পড়েছেন নানা বয়সী নারী-পুরুষ। সাজসজ্জা ও কসমেটিকসের দোকানগুলোতে ছিল ভিড়। এছাড়া, এক শপিংমল থেকে অন্য শপিংমলেও অবাধে আসা-যাওয়া করছেন ক্রেতারা। তবে বেশী ভিড় লক্ষ্য করা গেছে শিশুদের জন্য কেনাকাটায়।
জিন্দাবাজারে একটি শপিংমলে কেনাকাটা করতে আসা একজন ক্রেতার সাথে এ ব্যাপারে আলাপ করতে চাইলে তিনি জানান, নিজেদের কেনাকাটার তো আর দরকার নেই। শিশুদের কেনাকাটার জন্যই মার্কেটে আসা।
একজন বিক্রেতারা জানান, ঈদে আশানরূপ বেচাবিক্রী নেই। ঈদ কেন্দ্রীক ভালো ব্যবসার লক্ষ্য থাকলেও মাত্র ৫ দিনে তা পূরণ না হওয়ার শঙ্কা রয়েছে তাদের মনে। তিনি দোকান ভাড়া কর্মচারীদের বেতন বোনাস ঠিক মতো দিতে পারেবেন কিনা তা নিয়েও শঙ্কিত।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যেও ঈদুল-আজহা উপলক্ষে ১৫ থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত লকডাউন শিথিল করেছে সরকার। এ কারণে বৃহস্পতিবার গণপরিবহণ চালুর পাশাপাশি শপিংমলসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে। ২৩ জুলাই সকাল থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর লকডাউন শুরু হবে।