৭ জুলাই ২০২১


দিরাইয়ে স্পিডবোটের ধাক্কায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় যুক্তরাজ্য প্রবাসীর বেপরোয়া স্পিডবোটের ধাক্কায় নিখোঁজ হওয়া ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম বদিউজ্জামান (৫৫)। তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের বাসিন্দা।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিখোঁজ হওয়ার একদিন পর শাহপরান বাজারের ঘাটের পাশে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের শাহপরান বাজারের দক্ষিণ পশ্চিমে অবস্থিত রত্না নদীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদিউজ্জামান পেশায় ফেরিওয়ালা। ফেরি করে টুকটাক জিনিসপত্র কেনা-বেচা করে সংসার চলত তার। মঙ্গলবার শাহপরান বাজারে গিয়ে বেচাবিক্রি শেষে নিজের ছোট নৌকায় করে বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় ইউনিয়নের রায় বাঙ্গালী আটপুরিয়া গ্রামের মৃত আরব আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানীর বেপরোয়া গতির স্পিডবোটটি এসে বদিউজ্জামানের নৌকায় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি নৌকাসহ পানিতে তলিয়ে যান।

দিরাই থানার ওসি আজিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন