৯ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে আবারও সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সিলেটের বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই সঙ্কটে রয়েছে। ট্রাস্ট্রি বোর্ডের দ্বন্দ্ব নিয়ে মামলাও হয়েছে। ব্যবস্থাপনা নিয়েও রয়েছে দুর্বলতা। ফলে একাধিকবার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্ককতা জারি করে ইউজিসি। তবে কিছুতেই সঙ্কট কাটিয়ে উঠতে পারছে না নগরের কানিশাইল এলাকায় নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়াও দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সতর্ককতা জারি করেছে ইউজিসি।
অননুমোদিত ভবন/ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনা, অননুমোদিত প্রোগ্রাম, মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন ধরনের সমস্যা আছে, এমন ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ (আপডেট) করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ভর্তি মৌসুম সামনে রেখে সম্প্রতি এই হালনাগাদ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষার্থী, অভিভাবক বা জনসাধারণের জ্ঞাতার্থে ইউজিসির ওয়েবসাইটে এসব বিশ্ববিদ্যালয়ের নামের পাশে লাল তারকা চিহ্ন দেওয়া হয়েছে।