৭ জুন ২০২১


ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমায়, ‘কামরান ভবন’ এ ফাটল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আতঙ্কের মধ্যে সিলেটে ফের সোমবার সন্ধ্যার দিকে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। সন্ধ্যা ৬টা ২৮ ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এসময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। বাসা ও অফিসে থাকা মানুষজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৮। আর উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বা আশপাশের এলাকায়।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট আবহাওয়া অফিস থেকে ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে।

এদিকে, ভূমিকম্পে সিলেট নগরের রাজা গিরিশচন্দ্র (জিসি) স্কুল ভবনে ফাটল দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর নগরের বন্দরবাজার এলাকার ওই স্কুল ভবনে ফাটল দেখতে পান স্থানীয়রা। এতে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।

ভূমিকম্পের পর ওই বিদ্যালয়ের ‘বদরউদ্দিন কামরান ভবন’-এ ফাটল দেখা দেয়। এই ভবনটি সিলেট সিটি করেপারেশনের সাবেক মেয়র প্রঢয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত। ২০০৬ সালে এই ভবন নির্মিত হয়। ২০১৭ সালের দিকে ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়।

রেজমিনে গয়ে দেখা যায়, ওই ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভবন কিছুটা হেলেও পড়েছে।

রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন বলেন, ভূমিকম্পের পড় স্কুলের আয়ার কাছ থেকে ফাটলের খবর পেয় আমি এখানে আসি। আসার পর বিভিন্ন ভবনে ফাটল দেখতে পাই। ভবনটি কিছুটা হেলেও পড়েছে।

এর আগে গত ২৯ মে সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট অঞ্চলে প্রায় চারবার ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়।

শেয়ার করুন