৩ জুন ২০২১
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অবশেষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি গ্রামীণ জনপদকে লকডাউন করা হয়েছে। শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখান রোডস্থ এলাহি জামে মসজিদের সামনা থেকে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য ‘লকডাউন’ করা হয়।
বুধবার রাত দেড়টায় ওই এলাকা লকডাউন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন। এফোর সাইজের কাগজে বড় করে ‘লকডাউন’ লেখাটি প্রবেশদ্বারে টাঙিয়ে দেওয়া হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, থানার ওসি নয়ন কারকুন, এসআই আসাদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন বলেন, লকডাউন করা এলাকায় কোনোভাবেই জনসমাগম করা যাবে না। দোকানসহ সব প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরো কঠোর লকডাউন করা হতে পারে ওই এলাকা বলেও তিনি জানান।
গত৪ দিনে ওই এলাকায় ১৮ জন করোনারোগী শনাক্ত হন। এর মধ্যে ১২ জন চাঁপাইনবাবগঞ্জের লোক। বাকিরা ব্যবসায়ী ও তাদের পরিবারের লোকজন।