২৭ মে ২০২১
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : অর্থনেতিক মুক্তি পেতে হাওরবাসীকে মাছ চাষ করতে আহ্বান জানিয়েপরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান বলেছেন, আমরা হাওরপাড়ের মানুষ। ফলে মাছ চাষের মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারি। মাছ চাষের মাধ্যমে বাড়তি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আছে। এ সুযোগ কাজে লাগানো উচিৎ। সরকার মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক গবেষণা অব্যাহত রেখেছে। তরুণদের মাছ চাষের প্রশিক্ষণ দিচ্ছে। শিক্ষিত তরুণরা উদ্যোক্তা হলে মাছচাষে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। এতে ব্যক্তি ও সরকার উভয়েই লাভবান হবেন। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করাই এই সরকারের লক্ষ্য।
বৃহস্পতিবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ে গলদা, কার্প মিশ্রচাষ আর ডি প্রদর্শনীর মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, শুধু মৎস্য খাতেই নয় দেশের প্রতিটি খাতেই সমৃদ্ধি অর্জনের লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আওয়ামীলীগ সরকারের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে আর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার হায়াতুন নবী, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদ হাসান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী মুক্তাদির হোসেন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন প্রমুখ।