২২ মে ২০২১


সিলেটে করোনায় আরো তিনজনের মৃত্যু, আক্রান্ত ৬৬

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮৮ জনে। এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৬৬ জনের শরীরে। আর শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় মিলে করোনা জয় করে উঠেছেন ৪৩ জন।

শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রতিবেদন থেকে জানা যায়, নতুন শনাক্ত ৬৬ জনসহ সিলেট বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ২১ হাজার ৯১১ জন। যার মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ২৬১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৬২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪১০ জন।

আর নতুন শনাক্ত ৬৬ জনের মধ্যে ৫৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজার জেলায় ৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৩ জন করোনা জয় করেছেন। যাদের মধ্যে ২৮ জন সিলেট জেলার ও সুনামগঞ্জ জেলার ১৫ জন বাসিন্দা রয়েছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৬৫৯ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৬৮২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭০৯ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৬ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন রোগী। যারা সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করেছেন মোট ৩৮৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৩১২ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৯ জন।

এদিকে সিলেটের চার জেলা মিলে ১৯৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ১৯৩ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৫১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।

শেয়ার করুন