১৬ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। নিহতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় ও তার দুই বছরের ছেলে রূপক রায়।
রোববার দুপুর পৌনে ২টার দিকে সিলেট ঢাকা-মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সিলেটগামী বাসটি ঢাকা-মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় আসার পর প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকের পাশে বাসের সামনের সিটে ছেলেকে নিয়ে বসা ছিলেন বিউটি রায়। দুর্ঘটনার পর বাসের গ্লাস ভেঙে ছিটকে সংঘর্ষস্থলে পড়ে মা-ছেলের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় বাসের ও প্রাইভেটকারচালকসহ ৬ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধারের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।