৮ মে ২০২১


নবীগঞ্জে জাল নোটে বাজার সয়লাব

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ঈদকে সামনে রেখে জাল টাকায় সয়লাব হয়ে পড়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার। কিছুদিন ধরে জাল নোট বাজারজাত করতে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র।

জানা যায়, সংঘবদ্ধ চক্রটি এলাকার বাইরের একটি চক্রের যোগসাজশে বিভিন্ন হাট বাজারে জাল নোট বাজারজাত করছে। তবে এসব জাল নোট কে বা কারা দিয়ে যাচ্ছে তা বলতে পারছেন না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এতে করে প্রতারণার শিকার হয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও এই চক্রটির প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কয়েকদিন আগে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে একটি এক হাজার টাকার নোট দিয়ে প্রতারণা করে যায় একজন।

নাম প্রকাশ না করার শর্তে ওই মোটরসাইকেল চালক জানান, কয়েকদিন আগে সন্ধ্যায় দুইজন লোককে নবীগঞ্জ বাজার থেকে আউশকান্দি বাজারে ৫০০ টাকা ভাড়া চুক্তিতে নিয়ে যান। সেখানে যাবার পর অন্ধকার একটি স্থানে তাকে এক হাজার টাকার নোট দিলে তিনি ৫০০ টাকার আরেকটি নোট ফিরিয়ে দিয়ে চলে যান। বাজারের একটি দোকান থেকে প্রয়োজনীয় কিছু পণ্য কিনে দাম পরিশোধের সময় জাল নোটের বিষয়টি ধরা পড়ে।

গত বৃহস্পতিবার রাতে আউশকান্দি বাজার তামান্না কম্পিউটার এন্ড কার্ড সেন্টারে এক লোক বিকাশে পাঁচ হাজার পাঠালে এখানে এক হাজার টাকার দুইটি জালনোট ধরা পড়ে। তবে ওই লোকটি জাল নোট দুইটি পরে বদলে দেন। ওই লোক জানান, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, তাদের কাছে কেউ এ ধরনের কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন