২ মে ২০২১
ডেস্ক রিপোর্ট : খাবার পানির জন্য সড়ক অবরোধ করেছেন সিলেট নগরের শিবগহঞ্জ এলাকার বাসিন্দারা। প্রায় একঘন্টা পর সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় কাউন্সিলরদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
শনিবার মধ্যরাতে দিকে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন তারা।
সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ- প্রায় এক মাস থেকে তারা পানির চরম সংকটে আছেন। রমজান মাসের প্রথম থেকে তারা পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের কাছে বার বার ধর্না দিলেও প্রতিকার পাননি স্থানীয় ভুক্তভোগীরা। তাই বাধ্য হয়ে শনিবার রাতে তারা রাস্তায় নেমে আসেন।
জানা যায়, রাতে নগরের শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলের সামনে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
অবরোধের কারণে সিলেট-তামাবিল সড়কের দুপাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত গাড়ি। পরে রাত ১২টার দিকে মেয়র ও পুলিশ এসে বিক্ষুব্দ জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে।
সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা। এসময় তাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
অবরোধকারীদের মেয়র আরিফ আশ্বাস দিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে গাড়িতে করে হাহাকার করা মানুষের মাঝে পানি পৌঁছে দেবেন এবং রোববার দুপুরে নগরভবনে স্থানীয় কাউন্সলর এবং পানি শাখার কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করবেন। বৈঠকে সোনারপাড়া এলাকাবাসীর পানি সমস্যা নিরুপণ করা হবে দ্রুত সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হবে।