৩০ এপ্রিল ২০২১


সিলেটে করোনায় আরও চার জনের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ সময়ে বিভাগে শনাক্ত হয়েছেন ৭৯ জন। এর মধ্যে ৪৪ জনই সিলেট জেলার। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে যে ৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৯ জন এবং সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১৭ জনের করোনা শনাক্ত হন।

নতুন এই ৭৯ জনসহ সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫১ জনে। এর মধ্যে শুধু সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৫০ জন। এছাড়া সুনামগঞ্জে দুই হাজার ৭২৫ জন, হবিগঞ্জে দুই হাজার ৩৬০ জন এবং মৌলভীবাজারে দুই হাজার ৩১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১২১ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৩ জন, হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ১০ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়া সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ১৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৫৫২ জন, সুনামগঞ্জের দুই হাজার ৬২৭ জন, হবিগঞ্জের এক হাজার ৮০৮ জন এবং মৌলভীবাজারের দুই হাজার ১৫৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫০ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৭৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৮ জন।

শেয়ার করুন