৩০ এপ্রিল ২০২১


ছাতকে গভীর রাতে চাল পাচার

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি  : ছাতকে বস্তা বদল করে বাজারে পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা সরকারি চালসহ পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে স্থানীয় জনতা ইউনিয়নের ফেয়ার প্রাইস চালের ডিলার আব্দুল মালিকের এসব চাল আটক করেন। চালসহ গাড়ী আটকের সময় ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সদস্য ইলিয়াস আলী, স্থানীয় খলিল মিয়া, গেদাব আলী, ছমির আলী, শংকর দেব, আব্দুল মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিলারের কাছ থেকে এসব চাল কৈতক-রাউলী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমান (হছা) নামের একজন ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে ছাতক থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ঢাকা মেট্রো- (ন-১৪-১৫৩৫) ও ৩৫ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে যান।

সুত্র জানায়, দক্ষিণ খুরমা ইউনিয়নে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসুচীর চাল বিক্রির ডিলার নাদিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী আব্দুল মালিকের কাছ থেকে এসব চাল কিনে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছিল।

এদিকে চাল আটকের ঘটনায় ছাতক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল মানিকগঞ্জ বাজারে পৌছান তিনি। ডিলারসহ একাধিক লোকের সাক্ষ্য নিয়েছেন। ডিলার চাল ভোক্তাদের কাছে বিক্রি করেছেন আর ভোক্তারা তাদের চাল এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। ডিলারের চাল বিক্রি বন্টন খাতাপত্রে সঠিক রয়েছে।

শেয়ার করুন