২৫ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্ট : ১১ দিন পর খুললো সিলেটের দোকানপাট। স্বাস্থ্যবিধি মেনে সিলেটের বিপণিবিতান, শপিংমল, মার্কেটসহ কাপড়ের দোকানগুলো খুললেও ক্রেতা নেই। তবে, রাস্তায় জনস্রোত ঠিকই বেড়েই চলেছে। যান বাহনের চাপ বাড়ছে সড়কে।
রোববার সকাল থেকে সিলেটের বিভিন্ন শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও রাস্তা সংলগ্ন দোকান পাট খুলেছেন ব্যবসায়ীরা। ১১ দিন বন্ধ থাকার পর মার্কেট খুললেও নেই কোনো ভিড়। তবে, জনসাধারণের চলাচল আগের তুলনায় বেড়েছে। যানবাহনের স্বাভাবিক চলাচলে সড়কে সৃষ্টি হয়েছে যানজট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাতেগুণা ক্রেতাদের দেখা মিলেছে মার্কেটে।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকায় দোকানপাটে জমেছে ময়লা। প্রথমদিনে দোকানপাটে বিক্রির চেয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছিলেন মালিক কর্মচারীরা। দোকানিরা বলেছেন, এবার বৈশাখী উৎসবের বাজারেও দোকান বন্ধ ছিলো। রমজানের ১১ দিন গত হয়েছে। এরপরও ঈদ মৌসুমে ব্যবসার আশা জাগিয়ে রেখেছেন।
এদিকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বড় শপিংমলগুলোতে সচেতনতায় কড়াকড়ি থাকলেও মার্কেটগুলোতে উদাসীনতা দেখো গেছে।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দু রহমান রিপন বলেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে সরকারের দেওয়া শর্তে দোকানপাট খোলা হয়েছে। শপিংমল, বিপণিবিতান ও মার্কেট এমনকি দোকানপাটের ব্যবসায়ীরা সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে পারবে। এ কারণে সব মার্কেটের সমিতিকে আমরা নোটিশ করেছি। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, আগামী ২/৩ দিনের মধ্যে একটি টিম গঠন করে পরিদর্শনে বের হবো।