১২ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্ট : বাজারে ঘ্রাণ ছড়াচ্ছে মৌসুমী ফল আনারস। প্রতিবছরের এই সময়টায় ছোট-বড় আনারসে ভরে যায় বাজার। সহজলভ্য ও কম দামের এই ফলটি আমাদের অনেকের পছন্দ। অনেকে মাছ বা মাংসের সাথে আধপাকা বা পাকা আনারস রান্না করে খান। আবার সালাদ খেতে চাইলেও আনারসের জুড়ি নেই। তাছাড়া টাটকা আনারসের জুস তো আছেই। বলা হয়ে থাকে, জ্বরের অন্যতম টোটকা হচ্ছে বেশ করে ঝাল মাখিয়ে আনারস খাওয়া। শুধু কথার কথা না এই ফলে আসলেই আছে নানান গুণ যা আপনার শরীরের জন্য বেশ কার্যকরী। তাহলে জেনে নেয়া যাক পাইনআপেল বা আনারসের স্বাস্থ্য উপকারিতা-
# আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া ফলটি কৃমিনাশক। কৃমি দূর করার জন্য সকালে খালি পেটে আনারস খাওয়া উচিত।
# আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত। প্রতিদিনের খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ-প্রতিরোধ করা সম্ভব।
# আনারসের ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে। মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে। এছাড়া ফলটিতে থাকা বেটা ক্যারোটিন আমাদের চোখ সুস্থ রাখে।
# দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল। ফলে শিরা-ধমনির (রক্তবাহী নালি) দেয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে। হৃদপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে।
# আনারস আমাদের হজমশক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী। আনারসে রয়েছে ব্রোমেলিন, যা আমাদের হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে। আনারস ওজন কমাতেও বেশ কার্যকর। ফলটিতে প্রচুর ফাইবার এবং অনেক কম ফ্যাট রয়েছে।