১২ এপ্রিল ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : প্রায় ৮ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা ভর্তুকি দিয়ে হবিগঞ্জে ৫৪টি ধান কাটার যন্ত্র বিতরণ করছে সরকার। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এগুলো বিতরণ করা হচ্ছে।
কৃষি বিভাগ জানায়, হবিগঞ্জে নয়টি উপজেলায় ৪২ জন কৃষকের মধ্যে ৪২টি কম্বাইন হারভেস্টার ও ১২ জনের মধ্যে ১২টি রিপার বিতরণ করা হচ্ছে। প্রতিটি কম্বাইন হারভেস্টার প্রায় ২৮ লাখ ও রিপারের মূল প্রায় ১ লাখ টাকা হিসেবে ৫৪টি যন্ত্রের মূল্য ১১ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে ৭০ শতাংশ হিসেবে ৮ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। বাকি টাকা দেবেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খান বলেন, কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কাটা ও মাড়াই একসঙ্গে হয়। এতে কৃষকের অনেক সময় বেঁচে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির আশঙ্কা কমেছে। ধান কর্তনের মূল্যও কমেছে আগের চেয়ে অনেক। সরকারের এ উদ্যোগের ফলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি হবে।