১১ এপ্রিল ২০২১
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার গুণীপুর গ্রামে ডাকাতির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে ফিকল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদের মারা হয়েছে। নিহত একজনের নাম হুমায়ুন মিয়া (৩০)। তিনি মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে লাখাই থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে একদল লোক গুণীপুর গ্রামে ডাকাতি করতে আসে। তখন গ্রামবাসী দুই জনকে আটকের পর দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও ফিকল দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, নিহত হুমায়ুনের হাত ভাঙা ছিল। দুই জনের শরীর আঘাতে জর্জরিত। একেক জনের শরীরে অন্তত দশটি করে ফিকলের আঘাত রয়েছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুশফিউল আলম আজাদ বলেন, দুই জনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। নিহতরা পেশাদার ডাকাত। তবে কারা তাদের হত্যা করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।