১০ এপ্রিল ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের (ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা) উপনির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এ আসনের নির্বাচনে প্রার্থীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। দিন যতোই যাচ্ছে প্রার্থী তালিকায় ততোই যোগ হচ্ছে নতুন এবং পুরাতন মুখ। তবে, এতো প্রার্থীর ভিড়ে কোন প্রার্থীর ভাগ্যে জুটবে দলীয় মনোনয়ন-তা এখনও বলা যাচ্ছেনা। উপ-নির্বাচনকে সামনে রেখে এ আসনের সাধারণ ভোটারদেরও উৎসুক দৃষ্টি। নাম জানা এবং না জানা প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা যান সিলেট-৩ আসনে তিন তিনবারের আওয়ামী লীগের দলীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তাঁর মৃত্যুর পর গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ওই আসনে রমজানের আগে নির্বাচনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে। তবুও আসন শুন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।এ আসনটি সিলেট নগরের কাছাকাছি হওয়ায় গুরুত্বও অনেক বেশি। এছাড়া শিল্পনগরী ফেঞ্চুগঞ্জও রয়েছে এই আসনে।
বিএনপি নির্বাচনে অংশ নিবে কিনা এ বিষয়ে কিছু জানা না গেলেও সদ্য শূন্য হওয়া এ আসনটিতে নির্বাচন করবে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি। সিলেটের ছয়টি নির্বাচনী আসনের মধ্যে সিলেট-৩ আসনকে জাতীয় পার্টি তাদের দুর্গ হিসেবে বিবেচনা করে। যদিও বর্তমানে জাতীয় পার্টি নিজেদের এই অবস্থান ধরে রাখতে পারে নি। উপ-নির্বাচনে এই পার্টি থেকে মহাজোটের প্রার্থী হতে চাইছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক ও সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, শিল্পপতি নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উসমান আলীসহ অনেকেই।
এদিকে, সিলেট-৩ আসনের ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের একাংশ চাইছে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবার থেকে তার স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী অথবা যুক্তরাজ্যের চ্যানেল এস’র চেয়ারম্যান ও প্রয়াত এমপি’র ছোটো ভাই আহমদ উস সামাদ চৌধুরীকে প্রার্থী করতে। যদিও ইতোমধ্যে প্রচারণায় এসেছে আহমদ উস সামাদ চৌধুরী আওয়ামী লীগ ঘরানার নন। কয়েস চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী একজন পরেহজগার নারী। স্বাভাবিকভাবে ফারজানা সামাদের নাম উঠে এসেছে আলোচনায়। স্বামীর জনপ্রিয়তা এবং এলাকার অব্যাহত উন্নয়নের স্বার্থে এই আসনের ভোটারদের দাবি জোড়ালো হচ্ছে ফারজানা সামাদের প্রার্থীতা নিয়ে। একজন পরহেজগার ,ন্যায় পরায়ন এবং অতিথিবৎসল হিসেবে ফারজানা সামাদকেই প্রার্থী হিসেবে দেখতে চায় এই আসনের মানুষ।
তবে আওয়ামী লীগ থেকে এ আসনে প্রার্থী হতে চায় আরো অনেকেই। সম্ভাব্য প্রার্থীদের তালিকা ক্রমশ: দীর্ঘ হচ্ছে। প্রবাসী ও স্থানীয় আওয়ামী লীগের প্রায় দুই ডজন নেতা ইতিমধ্যে এ আসনে প্রার্থী হতে প্রস্তুতি শুরু করেছেন। তালিকায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বারের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব (মন্টু), সিলেট জেলা বারের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা ও ব্যাংকার শমসের জামাল, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাহমিন আহমদ। এ ছাড়া- প্রার্থী হতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন এনামুল ইসলাম ও দেশে আসার কথা রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতা দেওয়ান গৌছ সুলতানের। সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরীর নামও শোনা যাচ্ছে দলীয় নেতাদের মুখে মুখে।
এদিকে সিলেট-৩ আসনে নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে সিলেট বিএনপি’র এক শীর্ষ নেতা জানিয়েছেন- সিলেটের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সেটি দলীয় সিদ্ধান্তে চূড়ান্ত হবে।
রাজনৈতিক বিবেচনায় মনোনয়নে এগিয়ে থাকতে পারেন সিনিয়র রাজনীতিকের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। যদি কোনো কারণে ফারজানা সামাদ নির্বাচনে আগ্রহী না হয়ে উঠেন তবে সেই স্থানে দলীয় মনোনয়ন পাবার সম্ভাবনা রয়েছে মিসবাহ উদ্দিন সিরাজের। সাম্প্রতিক সময়গুলোতে এমপি কয়েছের সাথে মিসবাহ সিরাজের অনেক ঘনিষ্ট ও সহযোগিতামূলক সম্পর্ক ছিল। ভারসাম্যপূর্ণ একটি সর্ম্পকের ইতিবাচক চিত্র দল তথা আপামর মানুষের চোখে ভাসার আগেই করোনার নীল দংশনে পরপারে পাড়ি জমিয়ে অনবদ্য এক স্মৃতি এঁকে দিয়েছেন রাজনীতিক সহযোদ্ধাদের মনে। সেকারণে তাঁর মৃত্যুতে আফসোসের সুর ছিল সকলের মধ্যে। এমন পরিবেশ পরি¯ি’তির মধ্যে মিসবাহ সিরাজের নির্বাচনী একটি আবেশ দেখা দিয়েছে এ আসনে। ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ না করলেও রাজনৈতিক বিবেচনায় এই আসনে নৌকার মনোনয়ন দিয়ে তাকেই পুরষ্কৃত করতে পারেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা; এমনটাই সম্ভাবনা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অতি সম্প্রতি মিসবাহ উদ্দিন সিরাজের মায়ের মৃত্যুর কারণে তিনি ব্যক্তিগতভাবে মানসিকভাবে অনেক ভেঙ্গে পড়েছেন।