৭ এপ্রিল ২০২১


রোববার থেকে দোকানপাট খোলার ঘোষণা ব্যবসায়ীদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে আগামী রোববার থেকে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার নগরের হাসান মার্কেটে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে ব্যবসায়ীরা বলেন, গত বছর লকডাউনের জন্য ব্যবসা করতে না পারায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার এক সপ্তাহের লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। যদি দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করা হয়, তাহলে আগামী রোববার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে সিলেট নগরের সব দোকান খোলা রাখা হবে।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, আমরা সরকারের সিদ্ধান্ত মেনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আর সহ্য করতে পারছি না।

তিনি বলেন, সরকার এক সপ্তাহের লকডাউন দেওয়ায় আমরা মেনে নিয়েছি। এরপর লকডাউন বাড়ালে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

ব্যবসায়ীরা জানান, পুনরায় লকডাউন দেওয়া হলে শনিবার সকাল ১১টায় কোর্ট পয়েন্টে মানববন্ধন করা হবে। পরদিন রোববার সন্ধ্যা থেকে সিলেটের সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

বৈঠকে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতা এবং নগরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন