২৮ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের ডাকে সিলেটে শান্তিপূর্ণ হরতাল চলছে। ফজরের নামাজের পর হেফাজতের কর্মীরা নগরীর কোর্ট পয়েন্টসহ বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে পিকেটিং করে। সিলেট থেকে দূরপাল্লার কোন যানবাহনও ছেড়ে যায়নি। ভোর থেকে তারা নগরীর বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেছেন, চলতে দিচ্ছেন না কোনো ধরনের যানবাহন। এমনকি রিক্সা পর্যন্ত চলাচল করতে পারছে না।
এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে এবং কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে পিকেটিং করছেন।
রোববার সকাল সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে বিক্ষিপ্তভাবে কিছু রিক্সা ও অটোরিক্সা চলাচল করছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পাশপাশি আমর্ড পুলিশ এবং র্যাবও রোববার মাঠে থাকছে। এছাড়াও নগরীর কোর্ট পয়েন্টে, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, মদিনা মার্কেট, মেজরটিলা, টিলাগড়সহ গুরুত্বপূর্ণ রাস্তা এবং মোড়গুলোতে অবস্থান নিয়ে রাস্তায় বসে আছেন হেফাজত নেতাকর্মীরা। থেমে থেমে স্লোগান দিচ্ছেন তারা। এছাড়াও ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে শহরময় ঘুরে ঘুরে পিকেটিং করছেন হেফাজতের প্রায় অর্ধশত নেতাকর্মী।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ এবং চারজন নিহতের ঘটনার প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
কোতয়ালী মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, সিলেটে শান্তিপূর্ণ হরতাল চলছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সিলেট থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।