২৫ মার্চ ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গুলি করে দুই ব্যক্তিকে হত্যা মামলার রায়ে আদালত ২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- আব্দুল হান্নান ও শামছু মিয়া। যাবজ্জীবন করাদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল মান্নান, ইনু মিয়া, রেনু মিয়া, হামদু মিয়া, আফজল, জালাল উদ্দিন, আব্দুর নূর, সবুজ মিয়া, বাবুল আলকাছ, বাদল, রহমত আলীসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এই রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৯ মার্চ তারিখে সকালে তাহিরপুর উপজেলার পৈন্ডুপবাজারে সালিশ বৈঠকে যাওয়ার সময় কামদেবপুর গ্রামে আসলে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা অর্তকিতে গুলি করে আরফান আলী ও মতিউর রহমানকে গুরুতর আহত করে। পরে তাদেরকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়। এ ঘটনায় নিহতদের স্বজন আতাউর রহমান বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এস আই নজরুল ইসলাম সবশেষ অভিযোগ পত্র দাখিল করেন। এই মামলা চলাকালে ৯ জন আসামি স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন ও ১৩ জন আসামিকে খালাস প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শামছুন নাহার বেগম শাহানা রব্বানী বলেন, এটি আলোচিত একটি মামলা। এই মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ১৩ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে।