২৪ মার্চ ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার বাউরবাগ হাওর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে।
বুধবার সকালে উদ্ধারের পর গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যাচ্ছে।
জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা স্থানীয় বাউরবাগ হাওর গ্রামের একটি বসতবাড়িতে মাটি ভরাটের কাজ করছিলেন। মাটি কাটতে সময় তারা গ্রেনেডের মতো দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত এ গ্রেনেড উদ্ধার করে। এর আগে গত সোমবার উপজেলার নয়াগাঙেরপাড় এলাকার ডাউকি নদী থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছিল।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জননিরাপত্তার স্বার্থে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।