২৪ মার্চ ২০২১


চৌহাট্টায় পুলিশের সাথে বাম জোটের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৭

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের মিছিল ও সমাবেশ পন্ড করে দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সাথে সমাবেশকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ঘটনাস্থল থেকে বাম জোটো ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরী চৌহাট্টা এলাকায় এঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, উজ্জল রায়, রেজাউর রহমান রানা, সঞ্জয় দাস। বাকীদের নাম পাওয়া যায়নি।

জানা যায়, বাম জোটের বিক্ষোভ মিছিলটি চৌহাট্টা যাওয়া মাত্র পুলিশের সাথে বাম জোট নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশ ৭ নেতাকর্মীকে আটক করে।

কোতোয়ালী থানার ওসি আবু ফরহাদ জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে সিলেটে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাস্তা বন্ধ করে বাম জোটের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল দিয়েছিল। পুলিশ মিছিল দিতে বাঁধা দিলে নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডা হয়। পুলিশ পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে।

এদিকে বাম গণতান্ত্রিক জোটের সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, নরেন্দ্র মোদি দেশে আসার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিল করছি। তখনই পুলিশ এসে লাঠিচার্জ করে আমাদের ৭ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।

শেয়ার করুন